বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাই ও পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিমিটেডের সমন্বিত ফিজিবিলিটি স্টাডি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ও শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিমিটেডের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক ড. হাফিজ আশরাফুল হক। শেলটেক কনসালটেন্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মুহাম্মদ আরিফুল ইসলাম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক, দপ্তর প্রধান, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাসহ শেলটেক কনসালটেন্টের ম্যানেজার ও আর্কিটেক্টরা উপস্থিত ছিলেন।
চুক্তি শেষে উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বলেন, এই সমীক্ষার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পের জন্য বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা প্রণয়ন সম্ভব হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার পথ সুগম হবে।
তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে সমীক্ষার কাজ এগিয়ে নিয়ে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ ফিজিবিলিটি স্টাডির আওতায় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, মাস্টার প্ল্যান ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়ন করা হবে। একই সঙ্গে বিভিন্ন ধরনের জরিপ ও ভৌত সমীক্ষা পরিচালনা করা হবে।
সমীক্ষার অন্যতম উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নকে আরও পরিকল্পিত, টেকসই ও সময়োপযোগী করার জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা। এর মাধ্যমে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা নির্ধারণ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত এ প্রকল্প বাস্তবায়ন করছে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ই-জিপির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিজিবিলিটি স্টাডির কাজ শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিমিটেডকে প্রদান করা হয়েছে।