গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি খাস জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বুধবার (১৫ জুলাই) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। এসময় তারা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গঠনে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম-এর সার্বিক ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসুচি শেষে উপস্থিত শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়, যাতে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায় এবং বৃক্ষরোপণে উৎসাহিত হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এ বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।