মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সাধুরব্রিজ এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরের একটি গাড়িতে ইটের টুকরা পড়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। পোস্টে ঘটনাটিকে ইট নিক্ষেপ হিসেবে উল্লেখ করা হলেও, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। পরে বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নাকি নাশকতার চেষ্টা—তা খতিয়ে দেখতে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী সড়কপথে বরিশালের উদ্দেশে যাওয়ার সময় রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। এ সময় বহরের পেছনের দিকের একটি গাড়ির সামনে একটি ইটের টুকরা এসে পড়তে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। একই সময়ে এক যুবককে একটি দোকানের পেছনে মোটরসাইকেল রেখে রাস্তার দিকে এগিয়ে আসতে দেখা গেলেও, ভিডিও ফুটেজে কাউকে ইট বা ঢিল নিক্ষেপ করতে দেখা যায়নি। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টের সত্যতা নিয়েও তদন্ত করছে পুলিশ।
এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বহরের একটি গাড়িতে ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে সেটি চলন্ত কোনো গাড়ির চাকার নিচ থেকে ছিটকে এসেছে, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিক্ষেপ করেছে—তা প্রযুক্তিগত ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, “পুরো বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।”