রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যমানের জালনোটসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৩। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নের কুতুবপুর গবড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া যুবকের নাম মোঃ শাওন মিয়া (১৯)। তিনি কুতুবপুর গবড়া গ্রামের বাসিন্দা মোঃ সুজন মিয়ার ছেলে।
র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল কুতুবপুর গবড়া এলাকায় হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় শাওন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পকেটে থাকা ৫০০ টাকা মূল্যমানের ১৫১টি জালনোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৭৫ হাজার ৫০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, শাওন দীর্ঘদিন ধরে জালনোট সংরক্ষণ, বহন, সরবরাহ ও বাজারজাত করার সঙ্গে জড়িত ছিলেন। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তাদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। পরে গ্রেফতার ব্যক্তিকে উদ্ধার করা জালনোটসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানায়, জালনোট প্রস্তুত ও বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।