‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে স্থানীয় কৃষক ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ, চারা, সার ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে ধামরাই উপজেলা পরিষদ ওডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে ধামরাই উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে কৃষকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশের সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে এসব চারা ও বীজ সঠিক ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধামরাই উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো. আরিফুর রহমান। সমগ্র অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. আল মামুন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আম, মাল্টা, সুপারি ও লেবুসহ অন্যান্য ফলজ ও ঔষধি গাছের চারা এবং খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন বিভিন্ন উফশী ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপকারভোগী স্থানীয় কৃষকেরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বিনামূল্যে এই মানসম্মত উপকরণ পাওয়ায় তাদের উৎপাদন খরচ অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন।