জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ফুলারপাড়া এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
৩ জুলাই শুক্রবার বিকেলে বীর মল্লিকপুর ফুলারপাড়া এলাকায় আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, মেষ্টা ইউনিয়ন এখন মাদককারবারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চিহ্নিত মাদককারবারী হারুন, রে-মানিক, ইমরান, কাশেম ও জাবুর দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী।
মাদক কারবারের প্রতিবাদ করায় সম্প্রতি মেষ্টা ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিনের ওপর এই চক্রটি অতর্কিত হামলা চালায়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, এলাকায় মাদক সহজলভ্য হওয়ায় উঠতি বয়সী তরুণ থেকে শুরু করে সকল বয়সের মানুষ মাদকে আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে রাতের বেলা সাধারণ মানুষের চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাদকের কারণে এলাকার সামাজিক পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আমাদের সন্তানদের নিয়ে শঙ্কিত। দ্রুত মাদক সিন্ডিকেট ভেঙে না দিলে এলাকাটি অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।”
মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় যুবদল নেতা আল-আমিনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, এলাকাকে মাদকমুক্ত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।