দীর্ঘ পরিশ্রম ও অধ্যবসায়ের ফল পেলেন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সন্তান অর্ক শর্মা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন।জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী অর্ক শর্মা মে ২০২৬ সালের ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় পাস করেছেন। গত ১ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে তাঁর উত্তীর্ণ হওয়ার বিষয়টি জানা যায়।ফলাফলের তথ্য অনুযায়ী, অর্ক শর্মা মেডিসিন, সার্জারি এবং অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিষয়ে উত্তীর্ণ হয়েছেন। তাঁর এই সাফল্যের খবরে পরিবার, স্বজন ও গর্জনিয়ায় আনন্দের সৃষ্টি হয়েছে।
অর্ক শর্মা বলেন, ‘চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছি। পরিবারের সহযোগিতা, শিক্ষকদের দিকনির্দেশনা ও সবার ভালোবাসায় আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে মানুষের সেবা করতে চাই।’
ছেলের সাফল্যে আনন্দিত তাঁর বাবা বলেন, ‘সন্তানের সাফল্যের চেয়ে একজন বাবার জন্য বড় আনন্দ আর কিছু হতে পারে না। অর্ক’র দীর্ঘদিনের পরিশ্রম আজ সফল হয়েছে। সে যেন একজন ভালো চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।’
সাংবাদিক হুমায়ুন কবির বলেন, ‘অর্ক শর্মার এই অর্জন শুধু তাঁর পরিবারের নয়, পুরো গর্জনিয়ার জন্য গর্বের। প্রত্যন্ত এলাকার একজন সন্তান মেধা ও পরিশ্রমের মাধ্যমে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন। তাঁর এই সাফল্য এলাকার তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’
গর্জনিয়ার স্থানীয় বাসিন্দারাও অর্ক শর্মার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তাঁদের আশা, চিকিৎসা পেশায় যুক্ত হয়ে তিনি ভবিষ্যতে মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।