কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মুহিববুল্লাহকে মনোনয়ন দেওয়ার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় গর্জনিয়া ইউনিয়নের হিমছড়ি হামিদিয়া মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিরুল আলম কাজল ও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. শাহাজাহানের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জসিম উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন আলেমেদ্বীন মাওলানা নাজের হোসাইন।
সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গর্জনিয়া ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে একজন যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে আলহাজ্ব মোহাম্মদ মুহিববুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বক্তারা আরও বলেন, দলের দুঃসময়ে যারা নেতাকর্মীদের পাশে ছিলেন এবং রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেছেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাঁদের মূল্যায়ন করা উচিত। তৃণমূল নেতাকর্মীদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রার্থী নির্বাচন করা হলে নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সহজ হবে।
সভায় উপস্থিত নেতাকর্মীরা গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মুহিববুল্লাহকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য উপজেলা ও জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান।
তাঁরা বলেন, গর্জনিয়া ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংগঠিত করতে হলে ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে সামনে আনতে হবে। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে মুহিববুল্লাহকে প্রার্থী করা হলে বিএনপির বিজয়ের সম্ভাবনা আরও বাড়বে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
মুহিববুল্লাহর সমর্থনে বক্তব্য দেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. হাসেম মিন্টু, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদিকা কামরুন্নাহার (এমইউপি), ইউপি সদস্য শাকের আহমেদ, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক শাহাজাহান, ইউনিয়ন তাঁতী দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ জহির, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদশা আলম, যুবদলের সহসভাপতি আবদুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও সভায় বক্তব্য দেন।
সভায় আলহাজ্ব মোহাম্মদ মুহিববুল্লাহ বলেন, “গর্জনিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও দল ও এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। দল আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে গর্জনিয়া ইউনিয়নের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। দলীয় সিদ্ধান্তের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ।”
সভায় বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।