গাজীপুর মহানগরীর কাশিমপুরে হৃদয় (২৪) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লুণ্ঠিত অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়েছে।
নিহত হৃদয় ঢাকা জেলার আশুলিয়ার পূর্ব বাইদগ্রাম এলাকার মো. আইয়ুব রানার গ্যারেজ থেকে অটোরিকশা ভাড়ায় নিয়ে চালাতেন। প্রতিদিনের মতো গত ৩১ আগস্ট সকালে অটোরিকশা নিয়ে বের হন। রাত আনুমানিক ১১টা পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা গ্যারেজ মালিকের সঙ্গে যোগাযোগ করেন।
পরে অটোরিকশায় থাকা জিপিএস ট্র্যাকার অনুসরণ করে গ্যারেজ মালিক তার লোকজনসহ আশুলিয়ার কাঠগড়া এলাকায় যান। ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে সেখানে দুইজনকে আটক করে হৃদয়ের অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় আরও তিনজন পালিয়ে যায়।
আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানাধীন তেতুইবাড়ি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ৩০০ গজ পূর্বে সানসিটি মায়ানগর এলাকায় বেক্সিমকো কোম্পানির ফাঁকা জায়গা থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পিবিআই গাজীপুরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত ও তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আটক দুইজনকে আশুলিয়া থানা পুলিশ হেফাজতে নিয়েছে। পালিয়ে যাওয়া অপর তিনজনকে আটকের চেষ্টা চলছে।