মোঃ আশিকুর রহমান রানা, বিশেষ প্রতিনিধি (সিলেট) : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর বোর্ড গঠন করার বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন ও বর্তমান বোর্ড বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়ার দাবীতে সিলেটের বিভাগীয় কমিশনার এর সাথে সিলেট অঞ্চলের ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্যবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১ টার সময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময় শেষে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসির হাতে স্মারকলিপি প্রদান করেন সিলেট অঞ্চলের ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব মোঃ আব্দুর রহমান রিপন, আমিরুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম, শহীদ আহমদ চৌধুরী, মোঃ সামছুল আলম, ফয়েজ আহমদ চৌধুরী, নিয়াজ মোঃ আজিজুল করিম, মুনিম মল্লিক, মোঃ আবুল কালাম, আব্দুল হাদী পাবেল, মোঃ লুৎফুর রহমান লিলু, রেজাউল করিম সুফিয়ান, সৈয়দ মিনহাজ উদ্দিন মুছা, নুরুল ইসলাম সুমন, রাজু আহমদ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ কয়ছর আলী, ফরহাদুজ্জামান চৌধুরী, মোঃ পিকুল হোসেন, রাসেল আলী, মোঃ আলকাছ মিয়া, সৈয়দ জাহিদ উদ্দিন, মোঃ মিজানুর রহমান, মুফতি নেহাল উদ্দীন, হুমায়ুন কবির লিটন, মোঃ আলী হোসেন, মোহাম্মদ তাজুল ইসলাম, মোঃ আব্দুল মুমিন তাপাদার, হোসেন আহমদ, মোঃ মারুফ আহমদ প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, ২০২১ সালের ডিসেম্বর মাসে সিলেট এর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নির্বাচনের মাধ্যমে বর্তমান সভাপতি তাহমিন আহমদ দায়িত্ব গ্রহণ করেন। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০ জানুয়ারী ২০২৪ইং তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা না করে গোপনীয় ভাবে সিলেট চেম্বারের পরিচালনা বোর্ড গঠন করা হয়। উক্ত বোর্ড সুবিধাভোগী পরিচালক সহ তাহমিন আহমদ আবার সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, যা সিলেট চেম্বারের ইতিহাসে নির্বাচন ছাড়া সর্বপ্রথম পরিচালনা বোর্ড।
গঠনতন্ত্রের ধারা ২০ এর (১) ও (২) এর নির্বাচনী তফসিল প্রকাশ ও প্রচার এর সকল নির্দেশনা অমান্য করে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আইন লংঘন করে গোপনীয় ভাবে নির্বাচন দেখিয়ে বোর্ড গঠন করেন যা চেম্বারের সকল সদস্যের সাথে প্রতারণা করা ও সদস্যদের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করার শামিল। তাই বর্তমান বোর্ড বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়ার দাবী জানানো হয়।
স্মারকলিপিতে আরো বলা হয়, নির্বাচনের ব্যাপারে সদস্যবৃন্দ আপত্তি করিলে সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি সহ পাঁচজন পরিচালক পদত্যাগ করেন কিন্তু সভাপতি তাহমিন আহমদ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন পূর্বক মামলার ভয় দেখান। সিলেট অঞ্চলের ব্যবসায়ীবৃন্দ তাকে মৌখিকভাবে বলার পরও কোন সৎ উত্তর না পাওয়ায় গত ২৫/০৮/২০২৪ইং তারিখে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৪/৫ হাজার ব্যবসায়ীর উপস্থিতিতে বর্তমান বোর্ডের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
ব্যবসায়ী নেতৃবৃন্দ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় ব্যবসায়ীক শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর অবৈধ নির্বাচন বাতিল সহ তাহমিন আহমদের অনিয়ম ও দুর্নীতির বিষয় তদন্ত পূর্বক ব্যবস্থা করার জন্য বিভাগীয় কমিশনারের নিকট জোর দাবী জানানো হয়।