মোঃ হারুন অর রশিদ, উখিয়া কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের শ্রীশ্রী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণের চলমান কাজ ও নির্মাণকাজের অর্থসংগ্রহ নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় মন্দির কমিটির সভাপতি শ্রীযুক্ত বাবু সাগর নাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি শ্রীযুক্ত বাবু সতীশ শর্মা ও সহসভাপতি শ্রীযুক্ত বাবু সাজীব ধর।এছাড়া সভায় উপস্থিত ছিলেন ৫ নম্বর পালংখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পালংখালী ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৫ নম্বর পালংখালী ইউনিয়ন শাখার সভাপতি রাষ্টন দেবনাথসহ মন্দির কমিটির সদস্যরা।
সভায় মন্দিরের নতুন ভবন নির্মাণের চলমান কাজ, বিশেষ করে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি, নির্মাণকাজের জন্য চাঁদা সংগ্রহ এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মন্দিরের নির্মাণকাজ সুষ্ঠু ও দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, শ্রীশ্রী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ নির্মাণকাজ সম্পন্ন করতে স্থানীয় ভক্ত, শুভানুধ্যায়ী ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।সভায় আয়োজকদের পক্ষ থেকে মন্দিরের ভূমিদাতা প্রয়াত বাবু বজেন্দ্র শর্মার সুযোগ্য পুত্র শ্রীযুক্ত বাবু সতীশ শর্মার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মন্দিরের জন্য ভূমি দান ও দীর্ঘদিনের সহযোগিতার বিষয়টি স্মরণ করে তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত সদস্যরা।সভায় মন্দির কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।