মোহাম্মদ মনজুরুল হক গাজী,গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে কৃষক কা র্ড পেলেন ১ হাজার ৪৫১ জন কৃষক। সরকারি কৃষি সহায়তার আওতায় প্রথম পর্যায় হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে এ কার্ড বিতরণ করা হয়।
ফেনীর ফুলগাজী থেকে সমগ্র বাংলাদেশের নির্বাচিত ৭৭টি উপজেলা ও কৃষি ব্লকের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয়ভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। গাজীপুরের কালীগঞ্জ উপজেলাও প্রধানমন্ত্রীর এই কৃষক কার্ড বিতরণের উদ্বোধনী কার্যক্রমে ভার্চ্যুয়ালি যুক্ত হন।
জানা যায়, কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকে প্রাথমিকভাবে কৃষক কার্ডের জন্য নির্বাচিত হয়েছেন ১ হাজার ৪৫১ জন কৃষক। তাদের মধ্যে ভূমিহীন কৃষক ৩৯ জন, প্রান্তিক কৃষক ৫৭১ জন, ক্ষুদ্র কৃষক ৭৭০ জন, মাঝারি কৃষক ৬৮ জন এবং বড় কৃষক রয়েছেন ৩ জন।অনুষ্ঠানে নির্বাচিত কৃষকদের হাতে কার্ড তুলে দেন স্থানীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, এস এম রফিকুল ইসলাম, মো.মজিবুর রহমান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী ও বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।