মোঃ আইয়ুব আনছারী, ঠাকুরগাঁওঃ ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ফকিরগঞ্জ বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় সেনগাঁও ইউনিয়ন পরিষদের উপদইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর সভাপতিত্বে ০১ টি মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় ৯ নং সেনগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান এবং বিজিবি ফকিরগঞ্জ কোম্পানী কমান্ডার উপস্থিত ছিলেন।
উক্ত সভায় সহকারী পরিচালক মোঃ মাহফুজুর রহমান বলেন, বর্তমান দেশের চলমান পরিস্থিতিতে কিছু স্বার্থান্বেষী মহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এবং বিভিন্ন মিথ্যা গুজব প্রচার করছে। আমাদেরকে এ সকল গুজবে কান না দিয়ে সকলকে বর্তমান পরিস্থিতিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক মনোভাব পরিহার ও বৈষম্য, ভেদাভেদ ভুলে “ধর্ম যার যার দেশ সবার” এই মুলমন্ত্রকে ধারণ করে দেশকে সমনে এগিয়ে নেয়ার জন্য সকল আইন-শৃঙ্খলা বাহিনীসহ আপনাদের সকলের প্রচেষ্টায় সমন্বিতভাবে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি, সমাজকর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ সবাইকে আন্তরিকভাবে একত্রে কাজ করে যেতে হবে। এছাড়াও মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ, মানব পাচার ও সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে সকলকে সহায়তার করার জন্য অনুরোধ জানান। তিনি আরো বলেন, মানব পাচার, গবাদীপশু শুন্য লাইনে চড়ানো থেকে বিরত থাকা ও সংখ্যালঘু সম্প্রদায় যাতে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে যেতে না পারে সে ব্যাপারে সকল শ্রেণী পেশার মানুষের নিকট সহায়তা কামনা ও প্রেষনা প্রদান করেন।