মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে স্ত্রীকে সন্তান না হওয়া নিয়ে দাম্পত্যে জীবনের কলহের জেরে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার।
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় পারিবারিক কলহের জেরে সন্তান না হওয়ার কারণে স্ত্রী জোবেদা বেগম (৬০)-কে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুলতান সরদার (৬৫)-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার দিকে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের একপর্যায়ে সুলতান সরদার ধারালো অস্ত্র দিয়ে তার নিজের স্ত্রী জোবেদা বেগমকে গলা কেটে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত অভিযান চালিয়ে অভিযুক্ত হত্যাকারী সুলতান সরদারকে গ্রেফতার করেন।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আলম বলেন, “প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে সংঘটিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং হত্যার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং উক্ত ঘটনার সঙ্গে আরোও কেউ জড়িত আছে কিনা তা যাচাইয়ের জন্য পুলিশ তার তদন্ত চালিয়ে যাচ্ছে।