মানিকগঞ্জের সিংগাইরে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এনপিআইইউবি) শাখায় শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রজেক্ট ফেয়ার-২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত
শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিংগাইর শাখায় ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের রোবোটিক্স ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা রোবোটিক্স, ইলেকট্রনিক সার্কিট ও উদ্ভাবনী প্রযুক্তিভিত্তিক মোট ১৩টি প্রজেক্ট উপস্থাপন করেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা তিনটি প্রজেক্ট নির্বাচন করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. সাজ্জাতুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মো. সালমান রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনপিআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএমএ সালাম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ফরমুজুল হক, রেজিস্ট্রার মো. ফারুক হোসেন, প্রকৌশলী তরিকুল, ফেবার-ক্যাস্টেলের প্রতিনিধি পুষ্পিতা রানি ঘোষ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান কার্তিক চন্দ্র মণ্ডলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে ‘সোল এগ্রো বায়োটেক’ দল চ্যাম্পিয়ন, ‘ইউনিবাস লাইভ’ প্রথম রানারআপ এবং ‘ভোল্টেস ওয়ারিয়র্স’ দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।