গত শুক্রবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কুচিলাবাড়িস্থ কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব)-এর ৩৯তম বার্ষিক সাধারণ
সভায় সভাপতিত্ব করেন কালবের সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ কে এম ফজলুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা জনাব আরিফা সুলতানা শিপা, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভ (কাককো) লিঃ এর চেয়ারম্যান মি. টুটুল পিটার রড্রিক্স ও দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ।
অনুষ্ঠানের শুরুতে আগত সদস্যদের উপস্থিতি গণনা ও রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। নির্ধারিত কোরাম পূর্ণ হলে সভাপতি ও অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেন। পরে জাতীয় পতাকা, সমবায় পতাকা এবং কালবের নিজস্ব পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং ক্রেডিট ইউনিয়নের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্বাগত বক্তব্যে সভার সভাপতি ও কালবের চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন কালবের দীর্ঘ পথচলা, সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং সমবায় আন্দোলনের অগ্রযাত্রায় সকলের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, সদস্যদের আস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কালব আজ দেশের অন্যতম সফল সমবায় সংগঠনে পরিণত হয়েছে। ভবিষ্যতেও সদস্যসেবা সম্প্রসারণ, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি ২০২২ খ্রিষ্টাব্দ ও ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত কালবের নির্বাচনে জয়ী হয়ে তাঁর দায়িত্বকালীন সময়ে বিভিন্ন উন্নয়ন ও অবদানের কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব এ কে এম ফজলুল হক মিলন, এমপি কালবের ধারাবাহিক উন্নয়ন, সদস্যবান্ধব কার্যক্রম এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি কালবের চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনকে বিশেষ অভিনন্দন জানিয়ে কর্মকর্তা, ব্যবস্থাপনা কমিটি ও সদস্যদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান এবং বলেন, সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক সহযোগিতা, সততা ও জবাবদিহিতা। এই আদর্শকে ধারণ করে কালব ভবিষ্যতেও দেশের সমবায় খাতে একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সমবায় সমিতি থেকে কোম্পানী আইন বাতিল করা বিষয়ে মহান সংসদের উপস্থাপন সহ অর্থ মন্ত্রণালয়ে ইতিমধ্যে অবহিত করেছেন বলে জানান। সমবায় সমিতি থেকে কোম্পানী আইন খুব শীঘ্রই বাতিল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ডেলিগেটবৃন্দদের দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করাও আহ্বান জানান।
অতিথিবৃন্দের বক্তব্যে জেলা সমবায় কর্মকর্তা ও কাককো’র চেয়ারম্যানের বক্তব্যের পর দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি শুরুতেই সভার সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং উপস্থিত সকল সমবায়ীদের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি কালবের চেয়ারম্যানের দক্ষতা, ধৈর্য ও সততার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে কালব ও হাউজিং সোসাইটিতে তার অবদানের কথা তুলে ধরেন। তিনি ভাটারায় হাউজিং সোসাইটির প্লট প্রকল্পে কালব টাওয়ার নির্মাণের ভিত্তিপ্রস্তর করায় ও প্রধান কার্যালয় নির্মাণ করায় অভিনন্দন ও ধন্যবাদ জানান।
পরে সাধারণ সভার নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী ৩৮তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, বিশেষ সাধারণ সভা এবং ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৬-এর কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবস্থাপনা কমিটির বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন, আলোচনা ও অনুমোদন, নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা, আর্থিক বিবরণী অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তাব পর্যায়ক্রমে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম পরিচালিত হয়।
উল্লেখ্য, একই দিনে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি জনাব এ কে এম ফজলুল হক মিলন এমপি সভার সভাপিত ও কালবের চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন উপস্থিত বিশেষ অতিথি ও ডেলিগেটদের নিয়ে বৃক্ষ রোপণ করেন ও কালবের প্রতিষ্ঠাকালীন সময়ে সদস্য সমিতির ডেলিগেটবৃন্দের মাঝে চারা বিতরণ করেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে অতিথিবৃন্দ ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।