দুর্গাপুর (রাজশাহী), ৪ জুলাই ২০২৬: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা এলাকায় অবৈধভাবে ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমির টপসয়েল কেটে অনুমোদনহীন পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) ঝালুকা এলাকায় অভিযান পরিচালনা করা হলে অভিযানের উপস্থিতি টের পেয়ে খননকাজে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরিবহনের সুযোগ না থাকায় ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়। একই সঙ্গে এস্কেভেটরগুলোর মোট ৮টি ব্যাটারি নিষ্ক্রিয় করা হয়, যাতে পুনরায় অবৈধ খনন কার্যক্রম পরিচালনা করা না যায়।
এ ঘটনায় অবৈধ খনন কার্যক্রম পরিচালনার অভিযোগে দুর্গাপুর থানায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১, ১২ ও ১৩ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৮/২০২৬।
অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখল, টপসয়েল কাটা ও অনুমোদনহীন পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।