ফরিদপুরের সদরপুর উপজেলায় ঋণের বোঝা ও পারিবারিক কলহের জেরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম সরোজিৎ সাহা (৩৮)। তিনি ওই গ্রামের মধুসূদন সাহার ছেলে। সরোজিৎ পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ব্যবসায়িক কারণে বড় অঙ্কের টাকা দেনাগ্রস্ত ছিলেন সরোজিৎ। এ নিয়ে সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগে থাকত। আজ মঙ্গলবার সকালেও ঋণের টাকা পরিশোধ করা নিয়ে স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়। এর পর স্বজনরা দুপুর ১ টার দিকে বাথরুমে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আটরশির বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাইয়ের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন ছোট ভাই রাজু সাহা। তিনি বলেন,
"বাজারে ভাইয়ের অনেক দেনা হয়ে গিয়েছিল। পাওনাদারদের চাপ আর ঋণের কারণে সংসারে সবসময় অশান্তি চলতো। ভাবির সাথেও এই নিয়ে প্রায়ই ঝগড়া হতো। আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। কিন্তু ভাই যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে, তা ভাবতেও পারিনি।"
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা