কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় সংঘবদ্ধ অপহরণচক্রের কথিত মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৯ জুলাই) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২২ জুলাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১১ এলাকার পাঁচ বছর বয়সী রহমত আলীকে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। পরে অপহরণকারীরা শিশুটিকে জিম্মি করে হত্যার হুমকি দিয়ে একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। একই সঙ্গে শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। শিশুটির জীবন নিয়ে শঙ্কিত পরিবার প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে নিজেদের উদ্যোগে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।
পুলিশ জানায়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। পরে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একাধিক দল অভিযান চালায়। অভিযানের সময় অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তী গোয়েন্দা তথ্য ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়া থেকে অপহরণচক্রের কথিত মূলহোতা মো. জাকারিয়া ওরফে জকরিয়া (৩৭)কে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি শিশুটিকে অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে কুতুপালং এলাকায় শিশু ও অন্যান্য ব্যক্তিকে অপহরণ করে জিম্মি রেখে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
জেলা পুলিশ জানিয়েছে, অপহরণচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা