রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নে চলাচলের একমাত্র মাটির রাস্তা কেটে পুকুরে মিলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এতে চরম ভাবে অবরুদ্ধ হয়ে পড়েছেন ৮ নম্বর ওয়ার্ডের বারলাহুরিয়া গ্রামের কয়েকশ পরিবারের হাজারও মানুষ। এমনকি কেউ মারা গেলে লাশ কাঁধে করে কবরস্থানে নেওয়ার পথটুকুও আর অবশিষ্ট নেই।
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বারলাহুরিয়া গ্রাম। এই মাটির রাস্তাটি দিয়ে গত প্রায় ২০ বছর ধরে যাতায়াত করে আসছেন স্থানীয়রা। ৩ চাকার ভ্যানে রোগী পরিবহন থেকে শুরু করে খামারের মালামাল আনা-নেওয়া চলত এই পথেই।
সম্প্রতি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে কামরুজ্জামান রাস্তার জন্য জমি দেবেন না ঘোষণা দিয়ে রাস্তাটির অর্ধেকেরও বেশি কেটে নিজের পুকুরে নামিয়ে দেন। ফলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামটির স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা।
এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক, খামারি ও সাধারণ শিক্ষার্থীরা। বৃষ্টি হলে বা রাতের অন্ধকারে হেঁটে চলাচলেও রয়েছে পুকুরে পড়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনভোগান্তি নিরসনে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।