নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুরের রসুলপুর এলাকায় তোফাজ্জল হোসেন জামে মসজিদ সংলগ্ন রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৪ ই জুলাই সকালে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সহযোগিতায় এবং ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য (মহিলা মেম্বার) অনামিকা হক প্রিয়াঙ্কার সার্বিক তত্ত্বাবধানে এই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়।
রসুলপুরসহ কুতুবপুরের বিভিন্ন অলিগলিতে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন ও সংস্কার কাজ করায় স্থানীয় চেয়ারম্যান ও মহিলা মেম্বারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এলাকাবাসীর মতে, জনগণের সুখে-দুঃখে পাশে থেকে এবং ওয়ার্ডের রাস্তাঘাটের টেকসই উন্নয়নে নিরলস কাজ করে ইতিমধ্যেই এলাকার অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছেন অনামিকা হক প্রিয়াঙ্কা।
রাস্তার ঢালাই কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব এবং বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মাস্টার।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সমাজসেবক, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী আশা প্রকাশ করেন, এই রাস্তাটি ঢালাই হওয়ার ফলে দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটবে এবং রসুলপুরবাসীর যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে।