বরিশালের মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে উপজেলা নির্বাচন অফিসের পেছনে vও মুন্সি বাড়ির পেছনে অবস্থিত দুলাল পোড়বে স্যারের একটি পরিত্যক্ত দোতলা বাড়িতে প্রতিনিয়ত রাত হলেই মাদকসেবীদের আড্ডা বসার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ওই পরিত্যক্ত ভবনে বিভিন্ন বয়সী লোকজনের আনাগোনা দেখা যায়। সেখানে নিয়মিতভাবে গাঁজা ও অন্যান্য মাদক সেবনের আসর বসে বলেও অভিযোগ রয়েছে। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, পরিত্যক্ত ভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় মাদকসেবীরা সেটিকে নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছে বলে তাদের ধারণা। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে মুলাদী উপজেলা প্রশাসন ও থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত অভিযান পরিচালনা এবং পরিত্যক্ত ভবনটিতে মাদকসেবীদের আড্ডা বন্ধের দাবি জানিয়েছেন।