মিরপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহাম্মেদ এবং তার বাবা হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলু মিরপুর থানা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক এর বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, একটি কুচক্রী মহলের ইন্ধনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
সম্প্রতি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদনে মিরপুরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও তার বাবা হাজী দেলোয়ার হোসেনকে জড়িয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। ওই প্রতিবেদনের প্রতিবাদে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তাদের বক্তব্য তুলে ধরেন এবং প্রচারিত সংবাদের সঠিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক বনি ইবনে কামাল একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় তাদের বিরুদ্ধে এমন প্রতিবেদন করেছেন। প্রতিবেদনে ময়লার টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি তুলে ধরা হলেও, তাদের দাবি—এ বিষয়ে যথাযথ তথ্য-প্রমাণ যাচাই না করেই সংবাদটি প্রচার করা হয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, একটি বাড়ির দারোয়ানের কাছে ময়লার টাকা কে নেয়—এমন প্রশ্ন করা হলে তিনি প্রথমে বলেন, তিনি কাউকে চেনেন না। পরবর্তীতে ঐ সাংবাদিক বলেন ফয়সাল নেয় তখন সে বলে নিতে পারে আমি কাউকে চিনি না । ভুক্তভোগীদের দাবি, এ ধরনের কথোপকথনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরে সংবাদ প্রচার করা হয়েছে, যা তাদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, হাজী দেলোয়ার হোসেন মিরপুরের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। হাজী দেলোয়ার হোসেন দুলু আগামী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের অভিযোগ, নির্বাচনে যাতে তিনি অংশ নিতে না পারেন এবং স্থানীয়ভাবে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হয়, সে উদ্দেশ্যেই একটি মহল ষড়যন্ত্র করছে।
ভুক্তভোগীরা বলেন, “আমরা কোনো অন্যায় করে থাকলে তদন্ত করে প্রমাণসহ তা প্রকাশ করা হোক। কিন্তু কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আমাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা হলে আমরা তার ন্যায়সঙ্গত প্রতিকার চাই।”
তারা আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি সংবাদ প্রচারের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া, তথ্য যাচাই করা এবং প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার দায়িত্ব। তাদের অভিযোগ, এসব নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করেই তাদের জড়িয়ে প্রতিবেদন প্রচার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রচারিত প্রতিবেদনের বিষয়ে সুষ্ঠু তদন্ত, প্রকৃত তথ্য যাচাই এবং মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
তাদের ভাষ্য, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ব্যক্তিগত স্বার্থে কাউকে সামাজিকভাবে হেয় করা কোনোভাবেই কাম্য নয়। তারা আশা করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করবে বলে আশাবাদী।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা