ফরিদপুরের সালথা উপজেলার প্রবাসী কর্মী মো. শোয়াইব বিশ্বাস (২৩) মালয়েশিয়ার জহুরবারু এলাকায় নির্মাণকাজের সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার সকালে একটি নির্মাণাধীন ভবনে ফায়ার ফাইটিং পাইপ স্থাপনের কাজ চলাকালে বোম্ব ক্রেনের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামের মো. শওকত বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শোয়াইব ২০২৩ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান এবং কুয়ালালামপুরের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। চলতি বছরের এপ্রিল মাসে ছুটিতে দেশে ফিরে তিনি প্রায় দুই মাস আগে বিয়ে করেন। ছুটি শেষে গত ১ জুলাই পুনরায় মালয়েশিয়ায় গিয়ে জহুরবারুর একটি নির্মাণ প্রতিষ্ঠানের অধীনে কাজে যোগ দেন।
নিহতের ভগ্নিপতি মো. তুহিন হাসান শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরে একই প্রতিষ্ঠানে কর্মরত এক বাংলাদেশি সহকর্মী ফোনে দুর্ঘটনার বিষয়টি অবহিত করেন এবং পরে ঘটনাস্থলের ছবি ও ভিডিও পাঠান। কোম্পানির পক্ষ থেকে মরদেহ দেশে পাঠাতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।
পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয় শোয়াইবের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।