মূল্য ১ লাখ ৮ হাজার ২১০ টাকা; বিজিবির অভিযানে মোবাইল, সিম ও হাতঘড়িও উদ্ধার
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মায়ানমারে পাচারের সময় ৬ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার, একটি ইজিবাইক এবং চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার বিপি-১৯ থেকে প্রায় ১.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং শূন্যরেখা থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বটতলী এলাকায় অবস্থান নেয় টহল দল। এ সময় পালংখালী বাজার থেকে একটি ইজিবাইকে করে মায়ানমারে সার পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাওয়ার সময় মো. শাহাজাহান (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উখিয়া উপজেলার বালুখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার মৃত মনজুর আলমের ছেলে।
পরে ইজিবাইকটি তল্লাশি করে ৬ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং চোরাচালানে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার ২১০ টাকা। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
বিজিবি সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সার, জ্বালানি তেলসহ অন্যান্য বাংলাদেশি পণ্য যাতে অবৈধভাবে মায়ানমারে পাচার না হতে পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি চোরাকারবারিদের শনাক্ত করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”