মানিকগঞ্জের ঘিওর উপজেলার ছিদাম নগর এলাকার কালীগঙ্গা নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে লিমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়েও লিমন একইভাবে বালু উত্তোলন করতেন। বর্তমানে তিনি বিএনপির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, এভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, নদীভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তারা দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত লিমনের বক্তব্য জানা যায়নি। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।