মাদক ও জুয়ার ভয়াবহ থাবা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এম.পি।
শুক্রবার বিকাল ৩টায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, “আমাদের মাদক ও জুয়াকে শক্ত হাতে ‘না’ বলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই দেশে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকেই ৮টি ভিন্ন খেলায় শিক্ষার্থীদের যুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে নতুন প্রজন্ম ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে পারে।”
তিনি আরও বলেন, “আমাদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাবেক সফল ফুটবল অধিনায়ক ও তুখোড় খেলোয়াড়। তিনি দেশের ক্রীড়াঙ্গনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে নিরলস কাজ করছেন। আগামী প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখে সঠিক পথে পরিচালনায় খেলাধুলার পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।”
দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল ইসলাম, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং বিরল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, বিরল পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন নেহার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী ও জাহিদ হাসান বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম ও সদস্য সচিব মুবাসেরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম ও সদস্য সচিব সিহাবসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী খেলায় স্বাগতিক বিরল উপজেলা ক্রীড়া সংস্থা এবং নীলফামারী ফুটবল একাডেমী প্রতিদ্বন্দ্বিতা করে।