বরিশালের গৌরনদী উপজেলায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; প্রতিটি চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল–বাটাজোর খালের তীরে নারিকেল, নিম ও আমড়াসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
স্থানীয়ভাবে ‘বাটাজোর খাল’ নামে পরিচিত খালটি বাটাজোর বাজারসংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব দিকে সরিকল নদীর সঙ্গে মিলিত হয়ে সন্ধ্যা নদীতে গিয়ে পড়েছে। সম্প্রতি খালটি পুনঃখননের পর এর দুই তীরে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্থানীয় বাসিন্দারা উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। পরে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে একটি নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন একটি নিমগাছের চারা রোপণ করেন। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হবে না। আজ এখানে প্রায় আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। এসব চারার সঠিক পরিচর্যার দায়িত্ব স্থানীয় জনগণকেই নিতে হবে।”
তিনি বলেন, “একটি শিশু জন্মের পর যেমন পরিবারের সবাই মিলে তাকে লালন-পালন করে, ঠিক তেমনি প্রতিটি চারাকেও নিয়মিত পরিচর্যা করতে হবে। তাহলেই পরিবেশ রক্ষা, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।”
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।পরে তিনি বাটাজোরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সুবিধাভোগী পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন এবং তাদের সঙ্গে সংক্ষিপ্ত সময় মতবিনিময় করেন।
গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন। সেখানে তিনি একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিকেলে বিভাগীয় জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা