দিনাজপুরের বিরলে দেশীয় মাছের প্রজাতি রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দের পর তা ধ্বংস করার ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার বিকেলে বিপুল পরিমাণ অবৈধ জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে প্রায় ১ লক্ষ টাকা মূল্যমানের জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এর আগে গত ১২ জুলাই রবিবারও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত অপর এক অভিযানে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের অবৈধ ও ক্ষতিকর জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছিল।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের রবিপুর গ্রামের রেলের বড়পিঠ এলাকায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে পানিতে পেতে রাখা অবস্থায় ১০টি ক্ষতিকর চায়না দুয়ারী জাল এবং ৮০টি কারেন্ট জাল হাতেনাতে জব্দ করে মৎস্য দপ্তর।
বিরল উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে জানান, "আমরা বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলামসহ মৎস্য দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মৎস্য আহরণে জনসচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছি। সাধারণ জেলে ও সর্বস্তরের মানুষকে এই ক্ষতিকর নিষিদ্ধ জাল ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে। তদুপরি, আইন অমান্য করে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে এসব জালের ব্যবহার অব্যাহত থাকায় আমরা নিয়মিত মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করছি।"
তিনি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে এবং প্রাকৃতিক জীববৈচিত্র্যের ক্ষতিসাধনকারী চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।
বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে প্রকাশ্যে এই ক্ষতিকর জালগুলো পুড়িয়ে ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দেশীয় মাছের প্রজাতি সুরক্ষায় প্রশাসনের এমন কঠোর ও সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা