দিনাজপুরের বিরলে টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিরল উপজেলা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, এলজিইডি ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর যৌথ সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কর্মশালার শুভ উদ্বোধন করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি দিনাজপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন বিরল উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ সড়ক অবকাঠামোর সুপরিকল্পিত উন্নয়ন ও সঠিক মাস্টারপ্ল্যান গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সঠিক তথ্য যাচাইকরণ ও অগ্রাধিকারের ভিত্তিতে সড়ক নির্বাচন করা হলে টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও এলজিইডির সংশ্লিষ্ট কারিগরি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন।