বিনোদন ডেস্ক: বলিউডের প্রবীণ পরিচালক ও প্রযোজক রাজ গ্রোভার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। রাজ গ্রোভারের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। সূত্রের খবর অনুসারে, আচমকাই মৃত্যু হয়েছে তার।
এই প্রবীণ নির্মাতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। ভারতীয় প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার ( ৪ জুন) মারা গেছেন রাজ গ্রোভার। তিনি নিউ জার্সিতে থাকতেন। বহু বছর আগেই ভারত ছেড়ে আমেরিকায় পাড়ি জমান তিনি।
তবে ভারত ভ্রমণে আসতেন রাজ গ্রোভার। দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারে বলিউডের প্রথমসারির তারকা ধর্মেন্দ্র, পরভিন ববি, বিনোদ খান্নার সঙ্গে কাজ করেছেন তিনি। জানা যাচ্ছে, রাজ গ্রোভারের কোনও শারীরিক সমস্যা ছিল না। রাতের বেলা আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন এই প্রবীন নির্মাতা।
রাজ গ্রোভারের আচমকা এমন মৃত্যুতে পরিবারের সদস্যরাও একেবারে স্তম্ভিত। মৃত্যুকালে পরিচালক রাজ রেখে গেছেন তার স্ত্রী আর সন্তানদের। বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন রাজ গ্রোভার। ‘ঠিকানা’, ‘তাকাত’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন দর্শককে। ধর্মেন্দ্র, বিনোদ খান্না ছাড়াও অনিল কপুর, স্মিতা পাটিল, অমৃতা সিংয়ের সঙ্গে কাজ করেছেন পরিচালক-প্রযোজক রাজ গ্রোভার।