খুলনার পাইকগাছায় বহুল আলোচিত আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ দেউড়ী (৩৫) হত্যা মামলার ঘটনার ২৮ দিন পর নিপুন সানা (৩০) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে পাইকগাছা পৌরসদর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নিপুন সানা উপজেলার সোলাদানা ইউনিয়নের সোলাদানা গ্রামের পঞ্চানন সানার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত বিশ্বজিৎ দেউড়ী ঝালকাঠি সদর উপজেলার বেত্রা গ্রামের ধীরালাল দেউড়ীর ছেলে। তিনি পাইকগাছায় থেকে আরএফএল কোম্পানির ভিগো গ্রুপের বিক্রয় প্রতিনিধির কাজ করতেন।
গত ২০ জুলাই গভীর রাতে পাইকগাছা পৌরসভার হাসপাতাল মোড় এলাকার রামপ্রসাদ মণ্ডলের ভাড়া বাসা থেকে বিশ্বজিৎয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই তাঁর এক সহকর্মী রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন।
ঘটনার দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের মামা বিপুল সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই রহস্য উদ্ঘাটনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তথ্যপ্রযুক্তি ও ধারাবাহিক তদন্তের অংশ হিসেবে সোমবার দুপুরে নিপুন সানাকে আটক করা হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর আলম জানান, নিবিড় তদন্তের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে নিপুনকে আটক করা হয়েছে। ঘটনার আসল রহস্য উন্মোচনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির বলেন, চাঞ্চল্যকর বিশ্বজিৎ দেউড়ী হত্যা মামলায় সন্দেহভাজন একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, এর সাথে জড়িত অন্যান্যদের শনাক্তকরণ এবং নিখোঁজ সহকর্মীর অবস্থান নিশ্চিত করতে আসামির রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা