দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বগুড়ায় পূর্বঘোষিত টানা ২৪ ঘণ্টার গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিংয়ের নির্ধারিত কাজ আপাতত স্থগিত করায় আজ বৃহস্পতিবার (৯ই জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শুক্রবার (১০ই জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো গ্যাস সরবরাহ বন্ধ থাকছে না। ফলে বগুড়া শহর ও আশপাশের এলাকায় নির্ধারিত সময়জুড়ে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পিজিসিএলের বগুড়া নর্থ ও সাউথ রিজিওনাল অফিসের ব্যবস্থাপক রেজাউল করিম এ- তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি রক্ষণাবেক্ষণ এবং গ্যাস কমিশনিংয়ের সব কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। এ- কারণে পূর্বঘোষিত গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্তও প্রত্যাহার করা হয়েছে।
এর আগে পিজিসিএল জানিয়েছিল, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস-সংযোগ থেকে বঞ্চিত হবেন। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সেই কর্মসূচি স্থগিত হওয়ায় গ্রাহকদের স্বাভাবিকভাবেই গ্যাস ব্যবহার করতে আর কোনো সমস্যা হবে না। পিজিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের নতুন সময়সূচি পরবর্তীতে নির্ধারণ করা হলে তা পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের আগাম জানিয়ে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা