মাদারীপুরের ডাসারে ঠাকুর রুদ্র দাশ (৪২) নামে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডাসার থানা পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম খিলগ্রাম এলাকার ডাইয়ার বিলের একটি কৃষিজমি থেকে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ঠাকুর রুদ্র দাশ উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামের রামজয় রুদ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুর রুদ্র দাশ বাকপ্রতিবন্ধী ছিলেন। গত শনিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, উপজেলার পশ্চিম খিলগ্রামের বাসিন্দা রাজ্জাক মাতুব্বর তার কৃষিজমি পরিষ্কার করার জন্য ঠাকুর রুদ্র দাশকে চুক্তিতে কাজ দিয়েছিলেন। এ তথ্যের ভিত্তিতে পরিবারের লোকজন ও স্থানীয়রা রোববার সকালে ওই কৃষিজমিতে গিয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ডাইয়ার বিলের জমির পানিতে তার লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা।
পরে বিষয়টি ডাসার থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ঠাকুর রুদ্র দাশ বাকপ্রতিবন্ধী হওয়ার পাশাপাশি মৃগী রোগেও ভুগছিলেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ময়নাতদন্তসহ পরবর্তী তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা