আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী হিসাব-নিকাশ। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।
এবার জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সাজ্জাদুল বারী দুলাল । স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর সক্রিয়তার কারণে তাঁকে নিয়ে ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
তাঁর পরিবারও দীর্ঘদিন ধরে জিন্দারপুর ইউনিয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর পিতা মোঃ ইয়াকুব আলী ফকির জিন্দারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। স্থানীয়দের কাছে তিনি একজন সফল ও জননন্দিত জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন।
পিতার জনপ্রিয়তা ও দীর্ঘদিনের জনসম্পৃক্ততাকে পুঁজি করে এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন তাঁর সন্তান। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগের মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নির্বাচনকে সামনে রেখে জিন্দারপুর ইউনিয়নের চায়ের আড্ডা, বাজার ও বিভিন্ন সামাজিক পরিসরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। ভোটারদের প্রত্যাশা—যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা আরও গতিশীল হবে।
তফসিল ঘোষণার পর নির্বাচনী মাঠ আরও জমে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। শেষ পর্যন্ত কারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভোটারদের সমর্থন কে কতটা আদায় করতে পারবেন—সেদিকেই এখন নজর জিন্দারপুর ইউনিয়নবাসীর।