গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর চৌধুরী বাড়ি এলাকার শোভন চৌধুরী মার্কেটে অবস্থিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রবেশের সময় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী এম কাজল খান অভিযোগ করেন, শোভন চৌধুরী মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ হাফিজ উদ্দিন চৌধুরীর নির্দেশে একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলায় নয়ন নামে একজনসহ কয়েকজন অংশ নেন বলে তিনি দাবি করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এম কাজল খানের ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং সংবাদ প্রকাশ করায় তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
হামলার পর তিনি বাসন মেট্রো থানায় অভিযোগ জানাতে গেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠান। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বাসন মেট্রো থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এদিকে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, ভয়ভীতি ও হামলামুক্ত পরিবেশে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।
সাংবাদিক নেতৃবৃন্দের মতে, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তাই এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা