মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মরহুম সানু মিয়ার বাড়িতে এ চিকিৎসাসেবা কার্যক্রম চলে।
ব্র্যাক ও ভিশন স্প্রিংয়ের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পে স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চক্ষু পরীক্ষা করা হয়। ক্যাম্পে চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
এ ফ্রি মেডিকেল ক্যাম্পের অর্থায়নে ছিলেন ১নং রহিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামসুল হক ও অ্যাডভোকেট মো. বিল্লাল হোসেন, ১নং রহিমপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. জসিম মিয়া, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আক্তার শাহরিয়া, সমাজসেবক মো. আজাদ মিয়া এবং ১নং রহিমপুর ইউনিয়নের ১, ২ ও ৪নং ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছা. সাজেদা বেগম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে এলাকার বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা ও চক্ষু পরীক্ষা করাতে অংশ নেন।