মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ, দুর্নীতি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ঘোষিত ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার হওয়া কোনো আসামির জামিন আবেদন বা আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন রেজা (স্বপন) এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক)।
লিখিত বক্তব্যে তারা বলেন, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ, দুর্নীতি ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ঘোষিত ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জেলা আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তারা জানান, ৯ জুলাই থেকে আগামী ৯ আগস্ট পর্যন্ত মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার হওয়া কোনো আসামির জামিন আবেদন কিংবা আইনি সহায়তা লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য প্রদান করবেন না।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মাদক ও জুয়ার ভয়াবহ প্রভাবে যুবসমাজ আজ মারাত্মক ঝুঁকির মুখে। এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর পড়ছে। সেই দায়বদ্ধতা থেকেই আইন পেশায় নিয়োজিত ব্যক্তিরা এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতেও সামাজিক অপরাধ দমনে রাষ্ট্রের যেকোনো ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় ভূমিকা রাখবে জেলা আইনজীবী সমিতি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমিতির নেতারা বলেন, আগামী এক মাস মাদক ও জুয়া আইনে নতুন করে গ্রেপ্তার হওয়া আসামিদের পক্ষে সমিতিভুক্ত কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন না বা আইনি সহায়তা দেবেন না। তবে কোনো আসামি চাইলে নিজেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। এছাড়া, পূর্বে দায়ের হওয়া মামলাগুলো এবং বর্তমানে বিচারাধীন মামলার কার্যক্রম প্রচলিত আইন ও আদালতের বিধি অনুযায়ী স্বাভাবিকভাবে চলবে।
আইনজীবী সমিতির নেতারা আশা প্রকাশ করেন, তাদের এই সিদ্ধান্ত গণমাধ্যমে প্রচারের মাধ্যমে সমাজের অন্যান্য দায়িত্বশীল মহলও সামাজিক অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ হবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা