কক্সবাজারের উখিয়া পালংখালীর ফারিরবিল এলাকায় প্রকাশ্যে অস্ত্র মহড়ার জের ধরে পুলিশের পরিচালনা করা এক বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনের এলাকা থেকে অস্ত্রটি জব্দ করে বালুখালী পুলিশ ক্যাম্পের টহল দল।
পুলিশ সূত্রে জানা যায়, পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ছিনতাই বা কোনো বড় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত পুরাতন পিস্তল উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, সম্প্রতি পালংখালী ইউনিয়ন সীমান্তে অস্ত্র মহড়ার ঘটনার পর থেকেই অপরাধ দমনে এলাকায় নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় জড়িত পলাতক অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।