ঢাকার আশুলিয়ায় একটি বাসাবাড়িতে কথিত ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শনিবার (১১ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে আশুলিয়া থানাধীন ভাদাইল পবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আহত রনি দীর্ঘ প্রায় আট বছর ধরে ওই এলাকার বাসিন্দা ইমরান নামে এক ব্যক্তির বাড়ি ও গরুর খামারের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাড়িটির নিচতলায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়িটির ভেতর থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে রনিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল তৈরির সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটায় রনির হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
তিনি আরও জানান, তদন্তে ঘটনার সঙ্গে জড়িতদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।