অটোভ্যান হারিয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় তরিকুল ইসলামের পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী ও মানবিক মানুষজন। সম্মিলিত সহযোগিতায় নতুন একটি অটোভ্যান কিনে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। এতে আবারও কর্মসংস্থানে ফিরতে পারবেন তরিকুল এবং পরিবারের ভরণপোষণের পথ কিছুটা সহজ হবে।
গত ৪ জুলাই বাঘা শাহী মসজিদে যোহরের নামাজ আদায় করতে যান তরিকুল ইসলাম। নামাজ শেষে মসজিদের বাইরে এসে দেখেন, তালাবদ্ধ অবস্থায় রাখা তাঁর অটোভ্যানটি নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
তরিকুল ইসলাম বাঘা উপজেলার আলাইপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল হাশেম এবং মায়ের নাম মোসা. মাজেদা বেগম। জানা যায়, তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। সুস্থ থাকলে অটোভ্যান চালিয়ে যে আয় করতেন, তা দিয়েই কোনোভাবে পরিবারের ব্যয় নির্বাহ করতেন। অটোভ্যানটি হারিয়ে যাওয়ার পর তাঁর পরিবারের আয়ের পথ কার্যত বন্ধ হয়ে যায়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অসহায় তরিকুল ইসলামের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। তাঁর জীবিকা পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন একটি অটোভ্যান কিনে দেওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানানো হয়।
এই আহ্বানে ব্যাপক সাড়া দেন স্থানীয় ও প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সবার সম্মিলিত সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে নতুন অটোভ্যান কেনা হয় এবং তা তরিকুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।
উদ্যোগের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীরা জানান, মানুষের ভালোবাসা ও সহযোগিতায় তাঁরা অভিভূত। তাঁদের মূল উদ্দেশ্য ছিল তরিকুল ইসলামের হারিয়ে যাওয়া কর্মসংস্থানের পথ পুনরায় তৈরি করা, যাতে তিনি আবার অটোভ্যান চালিয়ে পরিবারের ভরণপোষণ করতে পারেন।
মানবিক এ উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহফুজুর রহমান (স্বপন) এবং আমাদের বাঘা (Amader Bagha) ফেসবুক কমিউনিটি গ্রুপের সিনিয়র অ্যাডমিন এস আর সাকিব রহমান।
কার্যক্রমটি পরিচালনা করেছে বাঘার জনপ্রিয় অনলাইন কমিউনিটি আমাদের বাঘা ফেসবুক গ্রুপ, মানব সেবা ফাউন্ডেশন ও আলাইপুর যুব সমাজ।
আয়োজনের উদ্যোক্তা সোহানুর রহমান সনি বলেন, “একজন অসহায় মানুষের হারিয়ে যাওয়া জীবিকার পথ পুনরায় তৈরি করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। মানুষের সম্মিলিত সহযোগিতায় তা সম্ভব হয়েছে।”
স্থানীয়রা মনে করেন, অসহায় একজন মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ শুধু একটি অটোভ্যান কিনে দেওয়ার ঘটনা নয়; বরং এটি সমাজের মানুষের পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
নতুন অটোভ্যান পেয়ে তরিকুল ইসলাম তাঁর পাশে দাঁড়ানো সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা