নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান গ্রহণ করে এই ফলাফল প্রকাশ করেন।
নয়টি সাধারণ, একটি মাদ্রাসা ও একটি কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।
২০২৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে ১০,২৪,৯৮০ জন বালক ও ১০,৫৩,২৪৬ জন বালিকাসহ প্রায় ২০,৭৮,২১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। ২০২৩ সালের ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব সুলেমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বক্তব্য রাখেন।