বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রাম বোয়ালখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৮৮ জন নারী কর্মীদের মাঝে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) উদ্যেগে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) প্রকল্পের আওতায় নারী কর্মীদের হাতে সনদপত্র ও চেক প্রদান করা হয়েছে।
এতে উপজেলা প্রকৌশলী মো.রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ, সাংবাদিক রাজু দে, পূজন সেন ও দেবাশীষ বড়ুয়া রাজু।
উপজেলা প্রকৌশলী মো.রেজাউল করিম জানান, আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় ৯০ নারী কর্মী উপজেলার ৯টি ইউনিয়নের কর্মরত ছিলেন। এর মধ্যে একজন মৃত্যুবরণ করেন ও অপর একজন চাকুরি থেকে অব্যাহতি নিয়েছেন। এ প্রকল্পটি ২০২০ সালে ১ জুন শুরু হয় এবং ২০২৪ সালে ৩১ মে শেষ হয়।
দৈনিক ২৫০ টাকা বেতনে নারী কর্মীরা এ প্রকল্পে নিয়োজিত ছিলেন। জনপ্রতি দৈনিক ১৭০ টাকা বেতন প্রদান করা হলেও ৮০ টাকা করে সঞ্চয় হিসাবে জমা রাখা হতো। যা প্রকল্পের মেয়াদ সম্পন্ন হওয়ায় ৪ বছরের সঞ্চয় এক সাথে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এসময় কর্মজীবনের অনুভূতি ব্যক্ত করেন
লক্ষী সর্দার, বাবলী সরকার, আমেনা খাতুন ও পাখি বেগম।