নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টিকে নিয়ে দেশের কয়েকটি পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিভ্রান্তকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রাহমান টেপা আজ বিকেলে তার ফেসবুক হতে লাইভে এসে প্রতিবাদ জানিয়েছেন। ‘দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ’- এই তথ্যটি ষড়যন্ত্রমূলক প্রচারণা হিসেবে উল্লেখ করে তিনি বলেন- জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল এই ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ বর্তমান চেয়ারম্যান (তাঁর স্নেহাস্পদ ছোটভাই) গোলাম মোহাম্মদ কাদেরকে দলের দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তীকালে কাউন্সিল এর মাধ্যমে দলটির গঠনতান্ত্রিক প্রত্রিকায় গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তিনি কারও দয়া-দক্ষিণা বা করুনায় চেয়ারম্যান হননি । সারা বাংলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ভোটের মাধ্যমেই গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
তিনি আরো বলেন, জাতীয় পার্টি এখন আর আগের মতো নাই। পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সুযোগ্য নেতৃত্বে দলটি এখন সারাদেশে অনেক সংঘবদ্ধ। জীবিত হুসেইন মুহাম্মদ এরশাদের কর্মীদের তুলনায় মরহুম এরশাদের কর্মীরা এখন আরো বেশি ঐক্যবদ্ধ। তাই স্বার্থান্বেষী কুচক্রীমহল জাতীয় পার্টির সম্মানহানি করতে আজ ঘৃন্য চক্রান্তে মেতে উঠেছে।
আজকে পার্টির চেয়ারম্যান যখন দেশের বাহিরে অবস্থান করেছেন আর সেই সুযোগে নির্বাচনের আগে জাতীয় পার্টিকে প্রশ্নবিদ্ধ করতে এবং গোলাম মোহাম্মদ কাদের ও বেগম রওশন এরশাদের মধ্যে বিভাজন সৃষ্টির জন্যেই এমন মিথ্যা-বানোয়াট তথ্য ছড়িয়ে ষড়যন্ত্র করছে। এটা নিঃসন্দেহে ফৌজদারী অপরাধ এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।
ষড়যন্ত্রকারীদের সাবধান করে তিনি ফেসবুক লাইভে বলেন – পার্টির চেয়ারম্যান আমাদের গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন সারাদেশে সুসংগঠিত। জাতীয়পার্টির বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র রুখে দিতে প্রয়োজনে আমরা রাস্তায় নামবো।
উল্লেখ্য ‘বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ‘জাতীয় পার্টির চেয়ারম্যান’ করা হয়েছে এবং ‘জিএম কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে’ – এমন খবরকে ‘ফেক’ অভিহিত করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এর আগে, আজ (মঙ্গলবার) সকালে কাজী লুৎফুল কবীর নামে এক ব্যক্তি নিজে ‘প্রেস নোট (জাপা)’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি প্রেস বিজ্ঞপ্তি দেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ’। দেশের কয়েকটি পত্রিকা ও সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পরে।
পরে খোঁজ নিয়ে জানা যায়, রওশন এরশাদের নামে ইস্যু করা এই প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি তিনি নিজেও জানেন না। আবার কো-চেয়ারম্যান হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা নিজেরাও বিষয়টি জানেন না।