নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে অনশন কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা।
শনিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ অনশন শুরু হয়।
অনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল ১০টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন। নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে দেন।
পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনশন ভাঙান লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতাদেরও জুস খাইয়ে অনশন ভাঙানো হয়। এর মধ্যে দিয়ে বেলা ১১টায় শুরু হওয়া তিন ঘন্টার অনশন কর্মসূচি শেষ হয়।
এদিকে অনশনকে ঘিরে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
অনশনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা বেগম, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, ডা. ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।