1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খল অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যুবার্ষিকী আজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু. বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব ৫০ টাকার জন্য ব্যবসায়িক পার্টনারকে গলায় ছুরি মেরে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দিনাজপুরের বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শহীদ সাগরের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- এডভোকেট এটিএম মাহবুব উল আলম ফেরিওয়ালা, যে মানুষটা থামলে থেমে যায় একটি সংসার বিরামপুরে স্থানীয় সরকার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা

খল অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যুবার্ষিকী আজ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৫ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

গুনী অভিনেতা সাদেক বাচ্চু, অভিনয়ে তার অভিজ্ঞতা বর্ণিল। বেতার, মঞ্চ, নাটক এবং সিনেমা; সব ভুবনেই অভিনয় করেছেন। সুদর্শন চেহারা দিয়ে নয়, তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ের গুণে। সেই ষাটের দশক থেকে একেবারে এই সময় পর্যন্ত তিনি অভিনয় করেছেন। সাদাকালো থেকে সিনেমা ডিজিটালে রূপ নিয়েছে, কিন্তু তিনি তার স্বভাবসুলভ অভিনয়ে ছিলেন অটুট।

আজকের দিনে ২০২০ সালে খ্যাতিমান এই অভিনেতা পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সেখান থেকে আর ফিরবেন না তিনি চলচ্চিত্রের আঙিনায়, দাঁড়াবেন না ক্যামেরার সামনে, বলবেন না নতুন কোনো সংলাপ। কিন্তু এক জীবনে তিনি যেই অভিনয়ের দ্যুতি ছড়িয়ে গেছেন, তা জ্বলবে বহুকাল। দেশের সিনেমার ইতিহাসে সেটা উজ্জ্বল তারার মতো আলো ছড়িয়ে যাবে।

সাদেক বাচ্চুর জন্ম ঢাকায়। ১৯৫৫ সালের ১ জানুয়ারি তিনি পৃথিবীতে এসেছিলেন। যদিও তার পৈতৃক নিবাস চাঁদপুরে; তবে তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। তার বাবা ছিলেন ডাক বিভাগের কর্মকর্তা। কিন্তু মাধ্যমিক পাশ করার কিছু দিন পরই বাবাকে হারান সাদেক বাচ্চু। তাই মাত্র ১৫ বছর বয়সেই চাকরিতে যোগ দেন তিনি। বাবার পথ ধরে ডাক বিভাগেই চাকরি নেন তিনি। সেই চাকরি তিনি ২০১৩ সাল পর্যন্ত করেছেন।

সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। সিনেমার জন্য তাকে ‘সাদেক বাচ্চু’ নামটি দিয়েছেন কালজয়ী নির্মাতা এহতেশাম। ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের সময় তাকে এই নাম দেন তিনি।

চাকরিতে যোগ দেয়ার আগে থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাদেক বাচ্চু। ১৯৬৩ সালে বেতারে অভিনয়ের মাধ্যমে তার এই রঙিন জীবনের সূচনা। তার অভিনীত প্রথম নাটক ছিল ‘খেলাঘর’। বছর দশেক তিনি বেতারে কাজ করেন। এরপর ১৯৭২ সালের দিকে ‘গণনাট্য পরিষদ’ নামে একটি থিয়েটারের সঙ্গে যুক্ত হন।

সেখানে নিজের অভিনয় আরও পাকাপোক্ত করে নেন সাদেক বাচ্চু। পরবর্তীতে তিনি ‘উন্মোচন’ নামে আরও একটি নাট্যদলের সঙ্গে কাজ করেছেন। এছাড়া সাদেক বাচ্চু নিজেও ‘প্রথম পদক্ষেপ’ নামে একটি দল করেছিলেন। এরপর ১৯৮৪ সালে তিনি ‘মতিঝিল থিয়েটার’ নামে আরেকটি দল গঠন করেন। এই দলের হয়ে তিনি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন।

বেতারে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন সাদেক বাচ্চু। তার অভিনয় দেখে মুগ্ধ হন বিটিভির তৎকালীন প্রযোজক আব্দুল্লাহ ইউসুফ ইমাম। এরপর ১৯৭৪ সালে তাকে বিটিভির ‘প্রথম অঙ্গীকার’ নাটকে অভিনয়ের জন্য নির্বাচিত করেন। এর মাধ্যমেই সাদেক বাচ্চুর টিভি ভুবনের যাত্রা শুরু হয়। বর্ণিল সেই পথচলা ছিল অনেক দীর্ঘ। অন্তত ১ হাজার নাটকে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। যার মধ্যে রয়েছে ‘ঝুমকা’, ‘পূর্ব রাত্রি পূর্ব দিন’, ‘সোজন বাদিয়ার ঘাট’, ‘নকশী কাঁথার মাঠ’, ‘জোনাকী জ্বলে’ এবং ‘গ্রন্থিক গণ কহে’-এর মতো দর্শকনন্দিত নাটক।

সিনেমার পর্দায় সাদেক বাচ্চুর অভিষেক হয় ১৯৮৫ সালে। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘রামের সুমতি’। ওই সময়ে তিনি নায়ক চরিত্রে অভিনয় করতেন। বেশ কয়েকটি সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয়ের পর ‘সুখের সন্ধানে’র মাধ্যমে খল চরিত্রে আসেন সাদেক বাচ্চু। আর এই চরিত্রই তাকে নিয়ে যায় খ্যাতির শীর্ষে। নেতিবাচক চরিত্রে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা।

বর্ণাঢ্য ক্যারিয়ারে সাদেক বাচ্চু প্রায় ৫০০ সিনেমায় অভিনয় করেছেন। আশির দশক থেকে বর্তমান সময়ের প্রায় সব অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেই কাজের অভিজ্ঞতা ছিল তার।

সাদেক বাচ্চু অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘সুজন সখি’, ‘ডিসকো ড্যান্সার’, ‘প্রিয়জন’, ‘আনন্দ অশ্রু’, ‘লাল বাদশা’, ‘কে আমার বাবা’, ‘মরণ কামড়’, ‘বন্ধু যখন শত্রু’, ‘পিতা মাতার আমানত’, ‘কোটি টাকার কাবিন’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ময়দান’, ‘বধূবরণ’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘এক জবান’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘মায়ের চোখ’, ‘বুক ফাটে তো মুখ ফোটে না’, ‘জিদ্দি মামা’, ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘ঢাকা টু বোম্বে’, ‘জোর করে ভালোবাসা হয় না’, ‘তোমার মাঝে আমি’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘রাজাবাবু- দ্য পাওয়ার’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’, ‘লাভ ম্যারেজ’, ‘ভালোবাসা সীমাহীন’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘রাজা ৪২০’, ‘বসগিরি’, ‘ধ্যাততেরিকি’, ‘ইন্দুবালা’, ‘পদ্মার প্রেম’ ও ‘বেপরোয়া’ ইত্যাদি।

দীর্ঘ অভিনয় জীবনে সাদেক বাচ্চুর প্রাপ্তি বলতে দর্শকদের অকৃত্রিম ভালোবাসা। এর বাইরে তিনি কেবল একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৮ সালে তিনি শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে ‘একটি সিনেমার গল্প’-এর জন্য পুরস্কার লাভ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com