ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি গ্রামে এক কৃষকের ধানি জমিতে ব্যাপকভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে।
আবাদযোগ্য কৃষিজমিতে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, যে জমিতে ধান চাষ হওয়ার কথা, সেই উর্বর কৃষিজমিই এখন মাটি ব্যবসায়ীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে জমির উৎপাদনক্ষমতা হ্রাস পাওয়ার পাশাপাশি কৃষি কার্যক্রমও হুমকির মুখে পড়ছে।
এলাকাবাসী জানান, প্রকাশ্যে মাটি কাটার এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি ভবিষ্যতে জলাবদ্ধতা ও ভূমিক্ষয়ের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় সচেতন মহল কৃষিজমি রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবাদি জমি সংরক্ষণ অত্যন্ত জরুরি। তাই কৃষকের ধানি জমিতে অবাধ মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।